তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল: সংকটে উত্তরের জনপদ
- আপডেট সময় : ০৮:৪৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা বরফগলা পানির প্রবাহ না থাকায় তিস্তা এখন পানিশূন্য। বর্ষায় রাক্ষুসে রূপ নিলেও শুষ্ক মৌসুমে এই নদী পরিণত হয় কঙ্কালসার এক মরা খালে। কয়েক যুগ আগেও যে নদীর বিশালতা ও গর্জন স্থানীয়দের মনে ভীতি জাগাত, সেই তিস্তা আজ অস্তিত্বের সংকটে। ব্যারাজের সবকটি গেট বন্ধ রাখার পরও কাঙ্ক্ষিত পানি না মেলায় বিপন্ন হয়ে পড়েছে লাখো কৃষকের জীবন। পানির অভাবে শুকিয়ে যাওয়া জনপদে এখন হাহাকার আর জীববৈচিত্র্য ধ্বংসের করুণ দৃশ্য স্পষ্ট। হাহাকারে ভরা জনপদ; বিপন্ন জীববৈচিত্র্য ও মানুষের জীবিকা। ফলে সামান্য পানিতে বন্যায় ভাসিয়ে নিয়ে যায় কৃষকের ফসল। আবার বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় দুই পাড়ের মানুষ। পক্ষান্তরে শুষ্ক মৌসুমে চাহিদা অনুযায়ী পানি মেলে না।
বিগত ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং দূরদর্শিতার অভাব তিস্তার স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। বর্তমানে তিস্তা ছাড়াও ধরলা, গিদারি, চেনাকাটা, টেংরামারী, মরাসতী, রত্নাই, ভাটেশ্বরী, স্বর্ণামতী, সতী, সানিয়াজান, সিংগীমারী ও কোটেশ্বর—এই ১৩টি নদীই পানিশূন্য হয়ে পড়েছে। বছরের পর বছর পলি জমে নদীর তলদেশ ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় বন্যা দেখা দেয়, আবার শুষ্ক মৌসুমে নদী পরিণত হয় ধু-ধু বালুচরে। বর্তমানে হেঁটেই তিস্তা পার হওয়া যায়, তাই মাঝিদের আর নৌকা বাইতে হয় না।
তিস্তাপাড়ের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, ভারতের গজলডোবায় নির্মিত বাঁধের মাধ্যমে পানিপ্রবাহ একতরফা নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিজেদের প্রয়োজন মিটিয়ে ভারত পানি ছাড়লে বাংলাদেশ বন্যা কবলিত হয়, আবার প্রয়োজনের সময় পানি না মেলায় চাষাবাদ ব্যাহত হয়। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীর প্রায় ১২৫ কিলোমিটার অববাহিকায় জীবনযাত্রা ও প্রাকৃতিক পরিবেশ চরম হুমকির মুখে। সেচ প্রকল্প হিসেবে হাতীবান্ধার তিস্তা ব্যারাজও অকার্যকর হয়ে পড়ছে। ভারতের উজানের ঢলে থেমে থেমে বন্যা, আর কড়ালগ্রাসী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এখানকার মানুষ। যার ব্যাপক প্রভাব পড়ে আমাদের এ অঞ্চলে। বর্ষাকালে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়। তিস্তাপাড়ের মানুষ রাজনীতির চক্রে ঘুরপাক খাচ্ছে। বালুর উপর দিয়ে যাতায়াতে চরম কষ্ট হয়।
তিস্তা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবির পরও কোনো টেকসই সমাধান মেলেনি।
শিক্ষাবিদ আনোয়ার হোসেনের মতে, তিস্তা ইস্যুকে ঘিরে শুধু রাজনীতিই হয়েছে, কিন্তু ভুক্তভোগী মানুষের কষ্ট লাঘবে কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। তিনি মহাপরিকল্পনা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন। এদিকে, পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মহাপরিকল্পনার প্রাথমিক ধাপ হিসেবে নতুন করে আন্তর্জাতিক মানের সমীক্ষা চালাতে পানিসম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছে। এই সমীক্ষায় প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক যৌক্তিকতা যাচাই করা হবে। বাস্তবে তাদের কষ্ট লাঘবের উদ্যোগ কেউ নিচ্ছে না।
দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়ার প্রবণতা থাকলেও মানুষ এখন আর রাজনৈতিক বুলি শুনতে চায় না। বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, সরকারের অর্থ বরাদ্দের পর এখন দ্রুত সমীক্ষার কাজ শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন যে, ২০২৭ সালে এই প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু করা সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। নির্বাচন এলে তিস্তাপাড়ের মানুষদের ঘিরে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ শুরু হওয়া অনেক পুরোনো। এবার অন্তত ব্যতিক্রম হবেÑএমন প্রত্যাশায় তাকিয়ে আছে বঞ্চিত মানুষগুলো।
আদিতমারীর গোবর্ধান গ্রামের কৃষক আজমল মিয়া জানান, নদীতে পানি না থাকায় কৃষিতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং জেলেদের অনেকেই পৈতৃক পেশা ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। একই গ্রামের মাঝি জসিম মিয়া জানান, নৌকাঘাট বন্ধ হয়ে যাওয়ায় মাঝিরা কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মানুষ এখন হেঁটে নদী পাড়ি দিচ্ছে। এ কারণে বেকার ও কর্মহীন হয়ে পড়েছেন তারা।
হাতীবান্ধার চরগড্ডিমারীর কৃষক শহীদার বলেন, বারবার সমীক্ষার নামে কালক্ষেপণ করা হচ্ছে, আদৌ কাজ শুরু হবে কি না তা নিয়ে তার সংশয় কাটছে না। স্থানীয়দের দাবি, নদী খনন করে একটি নির্দিষ্ট চ্যানেল তৈরি করা হলে সারা বছর পানি প্রবাহ থাকবে এবং এই এলাকায় নতুন প্রাণের সঞ্চার হবে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, বিগত কয়েক বছর ধরে তিস্তায় বছরে মাত্র তিন থেকে চার মাস পানি প্রবাহ থাকে। বর্তমানে নদীটি খণ্ড খণ্ড চ্যানেলে বিভক্ত হয়ে পড়ায় পানির প্রবাহ কোনো উপকারে আসছে না। একটি নির্দিষ্ট চ্যানেল করা হলে এর সুফল মিলত। এখন উত্তরের পাঁচ জেলার কোটি মানুষ কেবলই তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান কাজের অপেক্ষায় প্রহর গুনছেন।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























