প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করার মাধ্যমেই একটি রাষ্ট্রকে প্রকৃত অর্থে শক্তিশালী করে গড়ে তোলা সম্ভব। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে বা তাদের কণ্ঠরোধ করে কোনো দেশ সমৃদ্ধ হতে পারে না।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য। তিনি প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সরকার তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে। উদ্যোক্তারা উৎসাহিত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আসবে।
সরকারপ্রধান বলেন, ‘আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ বর্তমানের চেয়ে ভালো অবস্থায় থাকবে।’ বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে, তবে দেশের নিজস্ব উদ্যোক্তাদের উৎসাহিত করা সমানভাবে জরুরি। তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকার সব ধরনের নীতি সহায়তা দিয়ে যাবে।
সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ তৈরির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর ও শক্তিশালী দেশ গড়ে তুলতে সরকার নিরলস কাজ করছে।
এ সময় তিনি তিনটি পাটকলের দায়িত্ব গ্রহণকারী দুই ব্যবসায়ী গ্রুপকে ধন্যবাদ জানান। নতুন বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজেএমসি ও লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply