কুড়িগ্রামে নানা দাবির পক্ষে জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ নূর বখ্ত।
এ সময় সেক্রেটারি মাওলানা আবু তালেব, উপাধ্যক্ষ মাওলানা আলিনুর রহমান, মুহতামিম আবু বক্কর সিদ্দিক, মাওলানা আব্দুল সালাম, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা আব্দুর রহিমসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, প্রতিটি উপজেলা ও জেলায় অন্তত একটি করে মাদরাসা জাতীয়করণ করতে হবে। একইসঙ্গে ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ও উপবৃত্তি পুনরায় চালু করারও জোর দাবি জানান তারা।
এছাড়া বক্তারা ক্বওমী সনদের স্বীকৃতি প্রদান ও সেই সনদ অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর কল্যাণের টাকা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ছয় মাসের মধ্যে প্রদানের দাবি তোলেন।
পরিশেষে বক্তারা বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণ না করলে শিক্ষকদের আন্দোলন আরও বেগবান হবে। তাদের মতে, ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করলে দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
Leave a Reply