ভুরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৪ নারীসহ আটক ৫।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে চার নারী ও এক পুরুষকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৯ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালিত হয় সদর ইউনিয়নের সোনাতলী গ্রামের জরিনা খাতুনের বাড়িতে। এসময় ঘটনাস্থল থেকে আটককৃতদের নিকট থেকে নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, চারটি মোবাইল ফোন, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১৩টি কসটেপ, একটি কাচি এবং ১৩৫ সিসি বাজাজ ব্র্যান্ডের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, বাড়ির মালিক মোছাঃ জরিনা খাতুন (২৮), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভীমপুর গ্রামের রবিউল ইসলাম (২৮), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের কন্যা গোলেজান, রংপুর জেলার বদরগঞ্জ থানার বাড়ুয়া গ্রামের মোছাঃ শাপলা আক্তার (২৪) এবং দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার গুচ্ছ গ্রামের মোছাঃ রুমি আক্তার (৩০)।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, “আটককৃতদের কাছে কোনো মাদক দ্রব্য পাওয়া যায়নি। তবে তারা এ এলাকায় আসার বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা পুলিশের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply