দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা
- আপডেট সময় : ০৩:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
মাত্র দুই বছরে বাংলাদেশের সরকারি ঋণ ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা বেড়েছে। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা ২০২৪ সালের ৩০ জুন বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়। রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে আয়োজিত প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন উপলক্ষে দেওয়া প্রেস ব্রিফিং নোটে এসব তথ্য তুলে ধরা হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি ওই নোটে দেশের ঋণ পরিস্থিতি, সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিশদ বিবরণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে।
ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে দেশের সরকারি ঋণের পরিমাণ জিডিপির ৩৬ শতাংশে পৌঁছেছে। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০৪ বিলিয়ন ডলার। উল্লেখ্য, ২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল মাত্র ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। ঋণের ভার বাড়ার সঙ্গে সঙ্গে সুদ পরিশোধের ব্যয়ও ব্যাপক হারে বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় বৈদেশিক ঋণের সুদ পরিশোধ সাড়ে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েক বছরে এই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ ৪৫০ কোটি ডলার পরিশোধ করতে হবে, যা ২০২৯-৩০ অর্থবছরে বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। এ ছাড়া সরকারের ঋণ নেয়ার ব্যয়ও কমেছে বলে উল্লেখ করা হয়েছে।
অর্থনৈতিক সংস্কার ও বর্তমান চিত্র
প্রেস ব্রিফিং নোটে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের সময়কার সংকটাপন্ন অর্থনৈতিক পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে। ওই সময় বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল। ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ যেখানে ৭৩০ কোটি টাকা ছিল, সেখানে ২০২৪ সালের জুনে তা ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায় দাঁড়ায়। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে জুলাই শেষে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগে ঋণ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে। একই সময়ে রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এছাড়াও, ট্রেজারি বিলের সুদের হার নিয়ন্ত্রণে এসেছে। ২০২৫ সালের জুনে ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে এবং বর্তমানে এটি ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা ও সংস্কার উদ্যোগ
ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যাংকিং খাতের পুনর্গঠন ও আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ঋণের অর্থ এমন সব যাচাইকৃত প্রকল্পে ব্যয় করা হবে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি অবদান রাখতে সক্ষম। আন্তর্জাতিক পুঁজিবাজারে নিজস্ব অবস্থান শক্তিশালী করতে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো আধুনিক অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে, যা ভবিষ্যতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিয়োগের উৎসকে আরও সমৃদ্ধ করবে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























