শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগে এসপি গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ১৪ নভেম্বর রাতে চট্টগ্রামের হালিশহরের জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের একটি দল।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন জাহাংগীর আলম। তার বিরুদ্ধে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সরাসরি সম্পৃক্ত থাকার পাশাপাশি পুলিশের বিভিন্ন অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ রয়েছে। রাষ্ট্রদ্রোহের এই মামলায় আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ জানান, মামলা দায়েরের পরপরই এসপি জাহাংগীর আলমকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি পুলিশের কড়া নজরদারিতে রয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে ওঠা প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। ওই সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা পরবর্তীতে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়। যদিও পরদিন বুধবার তার গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়লে তা প্রাথমিকভাবে অস্বীকার করা হয়েছিল এবং বিষয়টি তদন্তাধীন বলে জানানো হয়েছিল। পরদিন বুধবার (১১ নভেম্বর) তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে তা অস্বীকার করেন ডিআইজি।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাহাংগীর আলম ২৮তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্য এবং ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগ দিয়েছিলেন। এর আগে একইভাবে রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গ্রেপ্তার হন, যিনি বর্তমানে কারাগারে বন্দি আছেন।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























