রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন বলেছেন, অতীতে জনগণের সাথে তামাশা করে তিস্তা পরিকল্পনার কথা বলে আমাদের কাছে ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তিস্তার মানুষকে ধোকা দিচ্ছে।
তিনি বলেন, উত্তরাঞ্চলকে মঙ্গা ও দারিদ্র্যপীড়িত অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অবশ্যই করতেই হবে। আমরা আর কারো ধোঁকা খেতে রাজি নই, আমরা অনেক ধোঁকা খেয়েছি। এবার যখন মাঠে নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আসুন আমরা সকলেই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে উত্তরাঞ্চলকে শিল্প ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলি। আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে চেষ্টা করি, তাহলে এলাকার গণমানুষ, শ্রমজীবী মানুষ ও বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা সম্ভব হবে। তবেই উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদলাতে পারে। নচেৎ এটি শুধু পত্রিকার পাতায় থাকবে, আর নেতাদের মুখে বক্তব্য হিসেবেই সীমাবদ্ধ থাকবে।
শনিবার সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি, রংপুর জেলা শাখার উদ্যোগে কাউনিয়ার তিস্তা ব্রিজ এলাকায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক, বালাপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহিম এবং শহীদবাগ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply