বাংলাদেশের শিল্পখাতকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করতে ইএসজি (এনভারনমেন্টাল, সোশাল অ্যান্ড গভর্ন্যান্স) দক্ষতার গুরুত্ব দিন দিন বাড়ছে। শিল্পখাতের জন্য ইএসজি দক্ষতা বৃদ্ধিতে এক সাথে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট। এই লক্ষ্যে সম্প্রতি “স্ট্রেনথেনিং লোকাল ক্যাপাসিটি ফর সাসটেইনেবল ইন্ডাস্ট্রি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে গেলে পণ্যের গুণগত মানের পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ার দায়িত্বশীলতাও বড় বিষয় হয়ে উঠছে। বৈশ্বিক ক্রেতা, ব্র্যান্ড, নিয়ন্ত্রক সংস্থা ও বিনিয়োগকারীরা এখন বেশি গুরুত্ব দিচ্ছে কার্বন নিঃসরণ, শ্রমমান, সুশাসন এবং টেকসই উন্নয়ন প্রতিবেদন উপস্থাপনের মতো বিষয়গুলোতে।
অনুষ্ঠানে ইএসজি চাহিদা মূল্যায়ন জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপটি পরিচালনা করেছে ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনোমিকস অ্যান্ড সোশাল সায়েন্সেস। তৈরি পোশাক, টেক্সটাইল, ব্যাংকিং ও উৎপাদন খাতের ১০৬ জন পেশাজীবীর ওপর এই জরিপ পরিচালিত হয়।
জরিপে দেখা যায়, পেশাজীবীদের মধ্যে ইএসজি বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং এ সংক্রান্ত প্রশিক্ষণের প্রতি উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। পাশাপাশি ইএসজি রিপোর্টিং, কার্বন হিসাবায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই অর্থায়নের মতো ক্ষেত্রে দক্ষতার ঘাটতিও স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে।
অনুষ্ঠানে ইএসজির ওপর ৬০ ঘণ্টার পেশাগত সার্টিফিকেট কোর্স শেষ করা ২৪ জনকে সনদ প্রদান করা হয়েছে। এটি এই সার্টিফিকেট কোর্সের প্রথম ব্যাচ।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি ইএসজি শিক্ষাকে আরো এগিয়ে নিতে ও অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারে কাজ করছে।
এতে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. শহিদুর রহমান ও প্রফেসর ড. সৈয়দ এ. মামুন; এবি লিনডেক্স এর গ্লোবাল সাসটেইনেবিলিটি ম্যানেজার কাজী মোহাম্মদ ইকবাল হোসেন; সুইডেন দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইকরামুল এইচ সোহেল; এবং প্রগ্রেস প্রকল্পের টিম লিডার ফারজানা আমিন।
এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট স্থানীয় প্রেক্ষাপটে প্রাসঙ্গিক ইএসজি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে কাজ করছে। যা বাংলাদেশকে একটি সবুজ ও টেকসই শিল্প ব্যবস্থার দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।
ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশনন্স ৫-৫-২০২৬ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Leave a Reply