শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত: মামলা
- আপডেট সময় : ০৩:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিক লাঞ্ছনার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন। দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় এ মামলা করা হয়েছে, যার মধ্যে সরকারি কাজে বাধা দান, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এজাহারকারী জানান, অভিযুক্তের এমন কর্মকাণ্ডে একটি স্পর্শকাতর ও সংরক্ষিত স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়েছে এবং বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বারবার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে তার প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে সরিয়ে দেওয়াও হয়েছিল।
ঘটনার সূত্রপাত ঘটে গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে, যখন মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) যাত্রীদের চাপে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার সময় মেজর (অব.) আখতারুজ্জামান উত্তেজিত হয়ে নির্বাহী পরিচালকের ওপর চড়াও হন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সে সময় তিনি ‘আমি কিন্তু পিটাবো ধইরা’ ও ‘ঘাড় ধরে বের করে দিবো’-এর মতো হুমকি প্রদান করেন। এ সময় বিমান ও পর্যটন মন্ত্রীকে নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এমনকি তিনি বিমান ও পর্যটন মন্ত্রী সম্পর্কেও চরম অশালীন মন্তব্য করেন।
তদন্তকারী সংশ্লিষ্ট সূত্র জানায়, আখতারুজ্জামানের সাথে থাকা প্রটোকল সহকারীরা সংরক্ষিত কেপিআই এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাতে বাধা দেন। এতে আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে ওই কর্মকর্তাকেও গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনা করেন। এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ট্রলি থেকে সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুঁড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন। আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হন এবং তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, আখতারুজ্জামান নির্বাহী পরিচালককে উদ্দেশ করে বলছেন, “ঘাড় ধরে বের করে দেব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?” পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, মেজর (অব.) আখতারুজ্জামান অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি জামায়াতে যোগ দেন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























