পোশাকশ্রমিকদের মজুরি ৩৬-৪৩ শতাংশ বৃদ্ধি: মাহ্দী আমিন
- আপডেট সময় : ০২:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের মজুরি বৃদ্ধির মাত্র তিন বছরের ব্যবধানে এবার গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে। বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি জানান, নতুন এই মজুরি কাঠামোর আওতায় শ্রমিকরা মূল বেতনের পাশাপাশি তাদের প্রাপ্য বোনাস ও ওভারটাইম সুবিধা নিয়মিতভাবে পাবেন, যা তাদের মাস শেষে মোট আয় বৃদ্ধিতে সহায়ক হবে। ফলে মূল বেতনের বাইরেও তাদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে এবং মাস শেষে মোট আয় আরও বৃদ্ধি পাবে।
মাহ্দী আমিন উল্লেখ করেন, বাংলাদেশের পোশাকশিল্পের বৈশ্বিক অর্জনের মূল কারিগর শ্রমিকরা। তাদের নিরলস পরিশ্রমের ফসল ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগটি বিশ্ববাজারে দেশের মর্যাদার প্রতীক। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার, জীবনযাত্রার মান এবং নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, মজুরি বোর্ডের সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে এই নতুন মজুরি কাঠামো তৈরি করা হয়েছে, যেখানে শ্রমিক ও শিল্পের সক্ষমতার মধ্যে ভারসাম্য রাখা হয়েছে। স্ট্যাটাসে মাহ্দী আমিন লেখেন, ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ। তাই তাদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব।’। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।’। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।’।
নতুন কাঠামো অনুযায়ী মজুরি বৃদ্ধির বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গ্রেড-১ এর অধীনে থাকা সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়েছে, যা ৪৩ শতাংশ বৃদ্ধি। একইভাবে গ্রেড-২ এর শ্রমিকদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে, অর্থাৎ ৪০ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ‘গ্রেড-২ এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
এছাড়া গ্রেড-৩ এর জুনিয়র অপারেটর ও অভিজ্ঞ হেলপারসহ সংশ্লিষ্টদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে বৃদ্ধির হার ৪১ দশমিক ৭০ শতাংশ। সর্বনিম্ন গ্রেড-৪ এর হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্টদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে, যা ৩৬ শতাংশ বৃদ্ধি।
শ্রমিকদের অর্থনীতির মূল চালিকাশক্তি আখ্যা দিয়ে মাহ্দী আমিন বলেন, শ্রমিকের কল্যাণ এবং শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। তিনি এমন একটি শিল্প পরিবেশ গড়তে চান যেখানে উদ্যোক্তারা বিনিয়োগে আস্থা পাবেন এবং শ্রমিকরা তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করবেন। এর মাধ্যমেই বেকারত্ব হ্রাস এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।
মজুরি বোর্ডসহ মালিক ও শ্রমিক প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা সব পক্ষকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো ধরনের উসকানি বা বিভ্রান্তিতে কান না দিয়ে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখা শ্রমিকদের দায়িত্ব। শ্রমিক-মালিকের সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে আরও শক্তিশালী করবে এবং আগামীর স্বনির্ভর অর্থনীতির ভিত মজবুত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে, নিজ-নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
সূত্র: দৈনিক আমাদের সময়
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























