টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে নেওয়ার পরিকল্পনা
- আপডেট সময় : ১১:১৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গুদামজাতকরণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করতে কাজ করছে।
সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে টিসিবির নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে মোট সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। তবে নতুন গুদাম যুক্ত করার প্রক্রিয়া চলছে, যার মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই সক্ষমতা ৭৫ হাজার মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব গুদাম নির্মাণের পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত গুদাম ভাড়ার মাধ্যমেও মজুদ সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যান। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ধারাবাহিকতায় আগামী বছর থেকে নিজস্ব অবকাঠামো উন্নয়নের কাজ আরও বেগবান করা হবে। এর ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে।
বাজারের অস্থিরতা মোকাবিলা, পণ্য সংগ্রহে দেরি হওয়া বা সরবরাহ চেইনের যেকোনো বিঘ্ন রোধে বাফার স্টক বা আপৎকালীন মজুদ বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে টিসিবি। এই লক্ষ্যে অবকাঠামো নির্মাণ, মজুদের পরিমাণ নির্ধারণ এবং ব্যবস্থাপনার কৌশল ঠিক করতে একটি বিস্তারিত সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষার কাজ শুরু হয়েছে। পুরো সমীক্ষা সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, ‘বাফার স্টক বাড়ানোর জন্য আমরা সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছি। নিজস্ব গুদাম নির্মাণ ও অতিরিক্ত জায়গা ভাড়ার মাধ্যমে সংরক্ষণ ক্ষমতা বাড়াতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’
বর্তমানে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির নিয়মিত কর্মসূচির পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমেও টিসিবি পণ্য বিতরণ করছে। সংস্থাটি কমপক্ষে এক মাসের বিতরণ চাহিদার সমপরিমাণ পণ্য নিয়মিত মজুত রাখতে চায়। পাশাপাশি প্রশাসনিক প্রয়োজনে অতিরিক্ত আরও এক মাসের পণ্য সংরক্ষণের সক্ষমতা তৈরির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
বিশেষ করে পবিত্র রমজানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মৌসুমে নিত্যপণ্যের চাহিদা বহুগুণ বেড়ে যায়। এই সময়ে বাজারে পণ্যের সরবরাহ সচল রাখতে আগেভাগে পণ্য সংগ্রহ করে রাখার কোনো বিকল্প নেই। গুদামজাতকরণ সক্ষমতা বাড়লে টিসিবি বড় পরিসরে পণ্য সংগ্রহ ও সময়মতো বিতরণের মাধ্যমে বাজারের ভারসাম্য রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























