পরিকল্পিত নগরায়ণ ও আবাসন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের বৈঠক
- আপডেট সময় : ১০:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দেশের আবাসন শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, পরিকল্পিত নগরায়ণ এবং এই খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর একটি প্রতিনিধিদল। বুধবার (২২ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রিহ্যাব প্রতিনিধিদল ড্যাপ বাস্তবায়নের ফলে উদ্ভূত বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরেন এবং জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার আবেদন জানান। একইসঙ্গে তারা আবাসন খাতের সরকারি সেবাগুলো ডিজিটাল করার ওপর গুরুত্বারোপ করেন। রাজধানীর সীমিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে যৌক্তিকভাবে এফএআর (Floor Area Ratio) বৃদ্ধি এবং উল্লম্ব (Vertical) নগরায়ণের ওপর জোর দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন যে, জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো আবাসন শিল্প। দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এ খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যেখানে আবাসন খাতের উন্নয়ন হবে টেকসই ও দুর্নীতিমুক্ত। তিনি জানান, আবাসন খাতে অনিয়ম রোধে সরকার ইতোমধ্যে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নগরায়ণের ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক উন্নয়নের বাইরে গিয়ে দেশের অন্যান্য অঞ্চলকেও সমান গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি কৃষিজমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল, রিহ্যাবের সহ-সভাপতি-২ আবু খালিদ মোহাম্মদ বারকাতুল্লাহ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল করিম সিদ্দিকী, ইউনাইটেড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ, ইউনাইটেড গ্রুপের ম্যানেজার মুশফিকুল আলম খন্দকার, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, আমিন মোহাম্মদ গ্রুপের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম, সেঞ্চুরি গ্রুপের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) নাসির মজুমদার, ইউএস-বাংলা অ্যাসেটস লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জালাল ঘানি খান এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাইয়ুম।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























