জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ
- আপডেট সময় : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি আদালতকে জানান, গ্রেপ্তারের পর বর্তমানে মেজর (অব.) মোজাফফর হোসেন মিলিটারি পুলিশের হেফাজতে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে আগামী বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ দেন। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী ও মঈনুল করিমসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মেজর (অব.) মোজাফফরের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন করা হবে। সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মোজাফফরের সহযোগীদের বিচারও ইতিপূর্বে সামরিক আদালতে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























