আসামের গোলাঘাটে হাতির উপদ্রব কমাতে কৃষকদের অভিনব খাদ্যভান্ডার
- আপডেট সময় : ০১:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বন্য হাতির উপদ্রব থেকে কষ্টার্জিত ফসল রক্ষায় আসামের গোলাঘাট জেলার কৃষকেরা এক অভূতপূর্ব ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজেরা ঘরে তুলবেন না জেনেও, প্রায় ১০০ বিঘা জমিতে বন্য হাতিদের আহারের জন্য কৃষকেরা ধান চাষ করছেন। নামবর বন্য প্রাণী অভয়ারণ্যের অদূরে থুরামুখ এলাকায় গড়ে তোলা এই বিশেষ খাদ্যভান্ডার এখন বন্য প্রাণী ও মানুষের সহাবস্থানের এক সফল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বন্য হাতির তাণ্ডব থেকে কষ্টার্জিত ফসল রক্ষা করতে অভিনব পন্থা অবলম্বন করে মানবিকতা ও পশুপ্রেমের নজির গড়লেন আসামের গ্রামবাসীরা। শুধু হাতির খাদ্যের সংস্থানের জন্যই জঙ্গলসংলগ্ন জমিতে তাঁরা ধান চাষ করলেন। অভিনব এ উদ্যোগের সুফলও পাওয়া গেছে হাতেনাতে।
নভেম্বর ও ডিসেম্বর মাসে ধান পাকার সময় খাবারের সন্ধানে হাতির পাল প্রায়ই লোকালয়ে হানা দিত। বছরের পর বছর ধরে চলা এই মানুষ-হাতি সংঘর্ষে ফসলহানির পাশাপাশি নিয়মিত প্রাণহানির ঘটনাও ঘটত। আতঙ্কে গোলাঘাটের অনেক গ্রামের কৃষক গত আট থেকে ১০ বছর ধরে চাষাবাদ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। অবলা প্রাণীরা ধান চাষে নিযুক্ত কৃষক এবং তাঁর উদ্দেশ্য সম্পর্কে খবর রাখে না। বছরের পর বছর ধরে এই দুই জেলার গ্রামগুলোতেও লাগাতার হাতির হানায় ফসলের ব্যাপক ক্ষতি এবং সেই সঙ্গে প্রাণহানির ঘটনা ঘটে।
পরিবেশ সংরক্ষণ সংস্থা ‘হাতি বন্ধু’র ফিল্ড ডিরেক্টর বিনোদ দুলু বরা ২০২০ সালে নগাঁও এলাকায় কাজ করার সময় গোলাঘাটের এই ভয়াবহ পরিস্থিতির কথা জানতে পারেন। সংস্থার স্বেচ্ছাসেবীরা হাতিদের চলাচলের পথ এবং ফসল কাটার আগে তাদের জড়ো হওয়ার স্থানগুলো নিয়ে বিস্তারিত সমীক্ষা চালান। বিনোদ দুলুর ভাষ্যমতে, ফসল কাটার সময় হাতিদের জন্য এক ধরনের উৎসবের মতো। খাবারের টানে তারা অভয়ারণ্য ছেড়ে বেরিয়ে আসে, যা একই সঙ্গে তাদের সঙ্গী নির্বাচনের সুযোগও তৈরি করে দেয়। তাদের ঠেকাতে পটকা ফাটানো বা চেঁচামেচি করার পরিচিত উদ্যোগ ছেড়ে মানবিক উপায় অবলম্বন করেন ‘হাতি বন্ধু’র সদস্যরা।
প্রায় ছয় বছর আগে শুরু হওয়া এই প্রকল্পের মূল কৌশল হলো হাতিদের খাবারের সময়কে দীর্ঘায়িত করা। সৌরবিদ্যুৎচালিত বেড়া ও প্রথাগত পদ্ধতির সাহায্যে হাতিদের জন্য নির্ধারিত ১০০ বিঘা জমির ফসল ধাপে ধাপে উন্মুক্ত করা হয়। প্রথমে ১০ থেকে ১৫ বিঘা জমির ধান তাদের খেতে দেওয়া হয় এবং তা শেষ হলে পরের অংশ খুলে দেওয়া হয়। এর ফলে হাতিরা গ্রামের মূল কৃষিজমিতে প্রবেশের প্রয়োজন বোধ করে না। হাতিরা যখন এই ১০০ বিঘা ধান খেতে ব্যস্ত থাকে, ততক্ষণে ৯০টি গ্রামের কৃষকেরা তাঁদের ৩০ হাজার বিঘা জমির ধান নিরাপদে ঘরে তুলে ফেলতে পারেন। অভয়ারণ্য থেকে বেরিয়েই হাতিরা যাতে প্রথমে এ নির্দিষ্ট ১০০ বিঘা জমির ধান পায়, জঙ্গলসংলগ্ন উদ্বৃত্ত জমি ব্যবহার করে সেই ব্যবস্থাই করা হয়েছে।
২০১৭ সালে ৯৪ বছর বয়সী প্রদীপ ভুঁইয়া ‘হাতি বন্ধু’ সংস্থাটি প্রতিষ্ঠা করেন। শুরুতে হাতি তাড়াতে কলাগাছ লাগানোর পরীক্ষা করা হলেও তা সফল হয়নি। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ধান, কাঁঠাল, চালতা, নেপিয়ার ঘাস ও ঝাড়ু ঘাস লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে নগাঁও ও গোলাঘাট মিলিয়ে এই সংস্থা ২৫০ বিঘারও বেশি জমিতে ধান এবং প্রায় ১,৫০০ বিঘা জমিতে ফল ও ঘাস চাষ করছে।
একই কৌশল ব্যবহার করে পশ্চিম আসামের নগাঁও ও কার্বি আংলং জেলার বাসিন্দারাও হাতির সংঘাত থেকে মুক্তি পেয়েছেন। একসময় ফটকা বা ক্যানেস্তারা পিটিয়েও যে হাতিদের রোখা যায়নি, আজ ভালোবাসার এই পদ্ধতিতেই সেই সমস্যার সমাধান মিলেছে। ব্যক্তিগত মালিকানাহীন জমির পাশাপাশি গ্রামবাসীরা অনেকে স্বেচ্ছায় তাঁদের জমিও এই প্রকল্পের জন্য দান করেছেন। পরিবেশবিদদের মতে, বন্য প্রাণীদের আঘাত না করে তাদের খাবারের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই মানুষ ও প্রকৃতির এই সহাবস্থান সম্ভব হয়েছে। শেষে পরিবেশপ্রেমী সংগঠনের প্রচেষ্টায় হিংসা ছেড়ে ভালোবাসার পথে সমস্যার সমাধান খুঁজতে প্রয়াসী হন গ্রামবাসী।
























