ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন টানেলে পানি ও কাদামাটির আকস্মিক ঢলে অন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিপলকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) ওই টানেলে ২৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। হঠাৎ প্রবল বেগে পানি ও ধ্বংসস্তূপ ঢুকে পড়লে অনেকেই স্রোতের তোড়ে ভেসে যান। এখন পর্যন্ত ১৮ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। বর্তমানে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে আটকা পড়া বাকি ৩ শ্রমিককে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টানা কয়েক দিনের ভারী বর্ষণে নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
এতে আরও ৩ জন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সূত্র: মানবজমিন
Leave a Reply