সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার জনগুরুত্বপূর্ণ ও বহুল কাঙ্ক্ষিত একটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এই রাস্তাটির সংস্কার শুরু হওয়ায় স্থানীয় পৌরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর বাজারে পূর্বদিক থেকে প্রবেশের একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে থাকত এবং তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হতো। ফলে ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই জনদুর্ভোগ দূরীকরণ এবং পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে রাস্তাটির দ্রুত সংস্কার কাজ হাতে নেয় পৌর কর্তৃপক্ষ।
তাড়াশ পৌর সভার উদ্যোগে এবং এডিপির অর্থায়নে ৭ লাখ ৩৫ হাজার ৪৮১ টাকা ব্যয়ে ৭১ মিটার ওই রাস্তার সংস্কার কাজ সম্পূর্ণ করা হবে বলে পৌর প্রকৌশল দপ্তর নিশ্চিত করেছে।
সোমবার সকালে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।
সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, তাড়াশ পৌর বিএনপি সাবেক আহ্বায়ক তপন গোস্বামী, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আবুল হোসেন, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদস্য জিপরুল হোসাইন, পৌর সভার সচিব তায়েব আলী, প্রকৌশলী মুকুল হোসেন প্রমুখ।
উদ্বোধনকালে সহকারী কমিশন ( ভূমি) এ জেড এম নাহিদ হোসেন বলেন, এ রাস্তাটি সংস্কারের ফলে পৌর বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে এবং প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply