রংপুরের কাউনিয়ায় গৃহবঁধু আয়শা আক্তার সুখী হত্যার ঘটনার মামলার প্রধান আসামী স্বামী জুয়েল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জুয়েল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার নিজপাড়া গ্রামে স্বামীর বসতবাড়ীর ঘর থেকে স্ত্রী আয়শা আক্তার সুখীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলে সুরাতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর স্বামী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এলাকা থেকে পালিয়ে অন্য জেলায় আত্মগোপনে চলে যায়।
নিহতের স্বজনদের অভিযোগ ছিল, যৌতুকের দাবী পুরন করতে না পারায় আয়শা আক্তার সুখীকে হত্যার পর তার লাশ ওড়নার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায় স্বামী জুয়েল ও তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় নিহত সুখীর পিতা বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামী করে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে র্যাব অভিযান চালিয়ে খুলনার বটিয়াঘাটা থানাধীন এলাকা থেকে আসামী জুয়েলকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। রোববার দুপুরে বটিয়াঘাটা থানায় হেফাজতে থাকা আসামী জুয়েলকে গ্রেফতার করে গভীর রাতে কাউনিয়া থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন সোমবার ২২ (সেপ্টেম্বর) আসামী জুয়েলকে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ১১(ক)/ ৩০ ধারায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply