মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কোনো ধরনের ঝুঁকি দেখছে না। জোটে যোগদানের সম্ভাব্য ঝুঁকি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কিছু শুরু করার আগেই নেতিবাচক পরিণতির কথা ভাবলে তা সমস্যার সৃষ্টি করে।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মক্কা প্যাক্ট বা এই প্রতিরক্ষা চুক্তির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
তিনি জানান, এই জোটে বাংলাদেশের যোগদানের বিষয়টি মূলত চুক্তিভুক্ত দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। সদস্য দেশগুলো যদি বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তবে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন যে, মক্কা চুক্তি মূলত বিশ্বের মুসলিম সমাজের আত্মরক্ষার একটি সমন্বিত ব্যবস্থা। বর্তমানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এই চুক্তির সদস্য হিসেবে রয়েছে। গত ৭ আগস্ট থেকে কার্যকর হওয়া এই চুক্তির শর্ত অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা অন্য সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
বাংলাদেশ এই চুক্তিটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, চুক্তিটি ভবিষ্যতে বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি শক্তিশালী কাঠামো হিসেবে কাজ করবে। এটি যেহেতু মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিষয়, তাই এতে অন্য কোনো পক্ষের উদ্বেগের কারণ নেই। তবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Leave a Reply