টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের সাফল্য
- আপডেট সময় : ১১:১৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
জর্ডানের আকাবায় অনুষ্ঠিত আইটিপিএফ টেন্ট পেগিং পঞ্চম বিশ্বকাপের আসরে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছে কাতার। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় ৪৫৯.৫ পয়েন্ট অর্জন করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে দেশটি। ১০টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ৪৬৮.৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে স্বাগতিক জর্ডান। এছাড়া ৪৫৩ পয়েন্ট নিয়ে সৌদি আরব তৃতীয় স্থান দখল করে। গত ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই আন্তর্জাতিক অশ্বারোহী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে কাতার একটি স্বর্ণ ও দুটি রৌপ্যপদকসহ মোট তিনটি পদক ঘরে তোলে। চ্যাম্পিয়ন জর্ডানের চেয়ে মাত্র ৯ পয়েন্ট পিছিয়ে ছিল কাতার। কাতারি দলের প্রতিনিধিত্ব করেছেন ফয়সাল সাদ আল-হাজরি, ঘানেম হাদ্দাফ আল-কাহতানি, ইব্রাহিম জসিম আল-হাম্মাদি, নাসের হামাদ আল-হাজরি ও আবদুল্লাহ ফালেহ আল-হাজরি। সামগ্রিকভাবে তিনটি স্বর্ণপদক জেতে স্বাগতিক জর্ডান। ব্যক্তিগত বিভাগে দেশটির আব্দুল ওয়াহাব আল জারাহ ১৩০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া দলীয় ল্যান্স, ঝুলন্ত লক্ষ্যবস্তু এবং রিলে ইভেন্টেও স্বর্ণপদক নিশ্চিত করে জর্ডান। পাশাপাশি ঝুলন্ত রিংয়ে বল্লম প্রবেশ করানো এবং তলোয়ার দিয়ে লেবু কাটার মতো ইভেন্টও রয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনের দলীয় ল্যান্স ইভেন্টে স্বর্ণ জেতে জর্ডান, যেখানে কাতার রৌপ্য ও সৌদি আরব ব্রোঞ্জ পদক লাভ করে। সৌদি আরবের মিথাল আল কাহতানি পদকটি জয় করেন। শেষ দিনের দলীয় ইভেন্টে ভারত ব্রোঞ্জ পদক অর্জন করে। ভারত ব্যক্তিগত বিভাগে ১২৭.৫ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জেতে। দলটির প্রতিনিধি দিনেশ কার্লেকার মাত্র ০.৫ পয়েন্টের ব্যবধানে রৌপ্যপদক হাতছাড়া করেন। শেষ রাউন্ড পর্যন্ত ভারত ভালো অবস্থানে থাকলেও চূড়ান্ত প্রচেষ্টায় তিনটি পেগ মিস করায় শিরোপার লড়াই থেকে ছিটকে যায়।
গত ১৪ নভেম্বর রয়্যাল জর্ডানিয়ান ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের সভাপতি প্রিন্সেস আলিয়া বিনতে আল হুসেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আন্তর্জাতিক টেন্ট পেগিং ফেডারেশনের (আইটিপিএফ) সভাপতি মোহাম্মদ বিন ইসা আল ফেয়ারুজসহ বিভিন্ন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৩ সালের অক্টোবরে ওমানের মাস্কাটে আইটিপিএফ প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির আয়োজনে ২০১৪ সালে ওমানে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, আর ২০২৬ সালের এবারের আসরটি ছিল প্রতিযোগিতার পঞ্চম আয়োজন। টেন্ট পেগিং মূলত একটি ঐতিহ্যবাহী অশ্বারোহী খেলা, যেখানে দ্রুতগতিতে ঘোড়া ছুটিয়ে বল্লম বা তলোয়ারের সাহায্যে মাটিতে থাকা খুঁটি বা ঝুলন্ত লক্ষ্যবস্তু ভেদ করতে হয়।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























