প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ–এর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের দিকে জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাজধানীর
কেন্দ্রীয় শহীদ মিনার–এ পৌঁছায়। পরে রাত ১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডা. শফিকুর রহমান।
এর আগে কখনো জামায়াতে ইসলামী দলের কোনো শীর্ষ নেতাকে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। ফলে এ ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক উপস্থিতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শহীদ মিনারে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “এবার আমার এখানে আসা রাষ্ট্রীয় আচার হিসেবে। সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শহীদ মিনারে আসা আমার দায়িত্ব। আমাকে আমার সঙ্গীদের নিয়ে আসতে হবে, তাই আমি এসেছি।”
তিনি বলেন, “আমরা ৪৭-এর শহীদদের স্মরণ করি, ৫২-এর ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করি। ফ্যাসিবাদীদের হাতে যারা শহীদ হয়েছেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট আমলে যারা শহীদ হয়েছেন—তাদের সবাইকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে ন্যায়ের অধিকারে লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি। সর্বশেষ শহীদ ওসমান হাদিকেও আমরা স্মরণ করছি।”
শহীদদের আত্মত্যাগের প্রত্যাশা এখনো পূরণ হয়নি মন্তব্য করে জামায়াত আমির বলেন, “শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তেই আমাদের রাজনৈতিক লড়াই চলবে।”
প্রথম প্রহরে শহীদ মিনারে জামায়াত আমিরের এই উপস্থিতিকে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা ও প্রতীকী পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন পর্যবেক্ষকরা।
Leave a Reply