পরীক্ষায় অসদুপায়ের দায়ে রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই বছরের বহিষ্কার
- আপডেট সময় : ০৮:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
পরীক্ষায় অসদুপায়: রুয়েটের ১২ শিক্ষার্থীকে দুই বছরের বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মোট ১২ জন শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত বোর্ড অব ডিসিপ্লিনের সভায় উপাচার্যের সভাপতিত্বে এই কঠোর শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যে পরীক্ষাগুলোতে অসদুপায়ের অভিযোগ উঠেছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দোতলার কনফারেন্স রুমে বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রদত্ত তথ্য অনুযায়ী, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের দুইজন, ২২ সিরিজের দুইজন, ২৪ সিরিজের পাঁচজন এবং ২৫ সিরিজের তিনজন শিক্ষার্থী রয়েছেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ওপর এই শাস্তি আরোপ করা হয়েছে।
এর মধ্যে ২১ সিরিজের ইটিই ও ইইই বিভাগের একজন করে, ২২ সিরিজের যন্ত্রকৌশল বিভাগের একজন ও পুরকৌশল বিভাগের দুইজন, ২৪ সিরিজের পুরকৌশল বিভাগের তিনজন ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন এবং ২৫ সিরিজের পুরকৌশল, সিএসই ও আইপিই বিভাগের একজন করে শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছেন।
বাতিলকৃত পরীক্ষাগুলোর তালিকায় রয়েছে—২১ সিরিজের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষ বিজোড় সেমিস্টার, ২২ সিরিজের শিক্ষার্থীদের ৩য় বর্ষ বিজোড় সেমিস্টার, ২৪ সিরিজের শিক্ষার্থীদের ১ম বর্ষের ব্যাকলগ পরীক্ষা এবং ২৫ সিরিজের শিক্ষার্থীদের ১ম বর্ষের বিজোড় সেমিস্টার পরীক্ষা।
শাস্তির মেয়াদ শেষে তারা পুনঃভর্তি হয়ে নির্দিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়া অসদুপায় অবলম্বনের সময় জব্দ করা ক্যালকুলেটর ও মোবাইল ফোন বিশ্ববিদ্যালয়ের হেফাজতে রাখা হয়েছে, যা তাদের শিক্ষা কার্যক্রম শেষে ফেরত দেওয়া হবে।
রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নৈতিকতা বজায় রাখা জরুরি। তিনি আরও জানান, শিক্ষার্থীদের একাডেমিক সুবিধার কথা মাথায় রেখে বর্তমানে ব্যাকলগ ও শর্ট সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাঁচটি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ধরনের সুযোগ পাওয়ার পরও অসদুপায় অবলম্বনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। একজন শিক্ষার্থীর জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি সততা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অসদুপায়ের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও চলমান থাকবে। শিক্ষার্থীদের নৈতিকতার সঙ্গে পড়াশোনা সম্পন্ন করার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























