খুলনার শিরোমনিতে অবস্থিত সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে সিআইডি ভবনের চতুর্থ তলায় থাকা রাসায়নিক পরীক্ষকের কক্ষে এ আগুন লাগে।
পুলিশ সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে এবং একটি এসি বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে কক্ষটির আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply