গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের একজন ‘বৈষম্যবিরোধী’ আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করেছে পুলি
রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচজনের একজন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩০ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান।
তিনি বলেন, “গুলশান থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ চেক জব্দ করা হয়েছে, যার মোট মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা। এ চেকগুলো চাঁদাবাজির উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
প্রসঙ্গত, গত ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর সড়কের একটি বাসায় ১০ লাখ টাকা গ্রহণ ও আরও ৪০ লাখ টাকা দাবি করার সময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ইব্রাহিম হোসেন মুন্না (আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর), মো. সিয়াম, সাদমান সাদাব, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ (কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য) ও আমিনুল ইসলাম।
ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে তিনজনকে সংগঠন থেকে বহিষ্কার করার ঘোষণা দেয়। ঘটনার পরপরই কলাবাগান থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।
ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বাত্মকভাবে মাঠে সক্রিয় রয়েছে।”
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে চালানো সাঁড়াশি অভিযানে মোট ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply