কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা ধরলা ব্রিজ–এর ওপর তেলের লরি থামিয়ে পাইপের মাধ্যমে নিচে ড্রামে তেল নামানোর একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ঘটনাটি স্থানীয়দের নজরে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের ওপর একটি তেলের লরি দাঁড় করিয়ে পাইপের সাহায্যে নিচে নদীতে রাখা ড্রামগুলোতে তেল খালাস করা হচ্ছিল। ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই সেতুর ওপর এমন কর্মকাণ্ডে জননিরাপত্তা এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।
এ বিষয়ে ব্রিজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নদীতে অবস্থানরত নৌযানে জ্বালানি সরবরাহের উদ্দেশ্যেই তেল নামানো হচ্ছিল।
তবে স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে বড় কোনো জাহাজ নয়, বরং দুটি ছোট ড্রেজার দেখা গেছে। সাধারণত ড্রেজারের জন্য এভাবে পুরো একটি লরি থেকে ব্রিজের ওপর দাঁড়িয়ে তেল সরবরাহ করা অস্বাভাবিক বলেও মনে করছেন তারা।
ঘটনাটি নিয়ে এক সচেতন ব্যক্তি থানা প্রশাসনকে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক সাড়া দেয়। পুলিশ প্রশাসন জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
নদীতে খনন কাজে ব্যবহৃত ড্রেজার নাকি অন্য কোনো নৌযানের জন্য তেল সরবরাহ করা হচ্ছিল—তা নিয়ে এলাকায় এখনো আলোচনা চলছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
Leave a Reply