সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। বিদ্যালয় মাঠে জমে থাকা কাঁদা পানি মাড়িয়ে বিদ্যালয়ে পৌঁছাতে গিয়ে অনেক শিক্ষার্থী পানিতে পিছলে পড়ে বই খাতা জামা কাপড় নষ্ট হওয়ায় বাড়িতে ফিরে যায়।
বুধবার দুপুরে কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় ও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠটি জলমগ্ন হয়ে পড়েছে। ফলে কাঁদা পানি মাড়িয়ে ৭০০ শিক্ষার্থীকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।
পুরো বর্ষা মৌসুম জুড়ে শিক্ষার্থীরা মাঠে কোন প্রকার খেলাধুলা করতে পারেনা। জলাবদ্ধতার কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় অনেক শিক্ষার্থী পা পিছলে কাঁদা পানিতে পড়ে যায় এতে নোংরা হয় জামা কাপড় ভিজে যায় বই খাতা।
বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী হাওয়া বেগম জানায় বৃষ্টির দিনে বিদ্যালয় মাঠে জমে থাকা কাঁদা পানি মাড়িয়ে স্কুলে যেতে গিয়ে তাদের স্কুল ড্রেস ভিজে নোংরা হয়ে যায়। ভিজে যাওয়া ও কাঁদা মাখা ড্রেস নিয়েই তাদের ক্লাস করতে হয়। দশম শ্রেণির ছাত্র হাবিবুর রহমান জানান বিদ্যালয় মাঠে বর্ষাকালে কাঁদা পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হওয়ায় আমরা কোন প্রকার খেলাধুলা করতে পারিনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন বিদ্যালয় মাঠের দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে যাওয়া পাকা রাস্তা গুলো বিদ্যালয়ের মাঠের চেয়ে উচু হওয়ায় এবং মাঠ সংলগ্ন একতা হাট-বাজারের পানি গড়িয়ে এসে বিদ্যালয় মাঠে জমে জলবদ্ধতার সৃষ্টি হয়। মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শিক্ষক -শিক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের মাঠটি সংস্কার ও মাটি ভরাট করে উঁচু করার দাবী জানিয়েছেন।
Leave a Reply