ইন্দোনেশিয়ার কারাগারে বিলাসবহুল জীবন, বরখাস্ত ৫ কর্মকর্তা
- আপডেট সময় : ০৮:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
জাকার্তার অদূরে বোগরের সিবিনং কারাগারে ভিআইপি বন্দিদের জন্য এসি, সোফা, টেলিভিশন ও গলফ সিমুলেটরসহ বিলাসবহুল আবাসন খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে অবস্থিত বোগরের সিবিনং কারাগারে বন্দিদের জন্য তৈরি বিলাসবহুল আবাসনের খোঁজ মিলেছে। তদন্তে সেখানে এয়ারকন্ডিশনার, বড় পর্দার টেলিভিশন, সোফা এবং দামী গাড়িসহ অ্যাপার্টমেন্ট ও ভিলার মতো সুযোগ-সুবিধা পাওয়া গেছে। কারাগারের ভেতর নির্মাণাধীন জিম ও গলফ সিমুলেটরের উপস্থিতিও অবাক করেছে তদন্তকারীদের। এই ঘটনায় জড়িত সন্দেহে সিবিনং কারাগারের প্রধানসহ পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার ন্যায়পালের সদস্য স্যাফ্রিদা রাচমাওয়াতি রাসাহান জানিয়েছেন, নির্দিষ্ট কিছু বন্দিকে বিশেষ সুবিধা দেওয়ার জোরালো প্রমাণ তাদের হাতে এসেছে। আবাসিক কম্পাউন্ডের ভেতরে তদন্ত করার সময় তারা বন্দিদের মুখোমুখি হন এবং এমন পরিবেশ দেখতে পান যা সাধারণ বন্দিদের জন্য আকাশকুসুম কল্পনা। তিনি জানান, সরকারি আবাসনের নামে মূলত এই অননুমোদিত সুবিধাগুলো গড়ে তোলা হয়েছিল।
অভিবাসন ও সংশোধন কেন্দ্রের মহাপরিদর্শক রুডি সেটিয়াওয়ান নিশ্চিত করেছেন যে, এই ঘটনার জন্য দায়ী সন্দেহে পাঁচজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে কারাবন্দি ও কারাগারের কর্মচারীদের মিলিয়ে কয়েক ডজন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সরকারি কারাকর্মীদের আবাসনের জন্য তৈরি ভবনগুলো আসলে বন্দিদের জন্য ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বোগরের সিবিনং কারাগারে ১০টিরও বেশি এমন আবাসিক ইউনিট শনাক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে, বিত্তশালী বা প্রভাবশালী বন্দিরা ঘুষের বিনিময়ে কারা কর্মকর্তাদের কাছ থেকে অগ্রাধিকারমূলক বিশেষ সুবিধা গ্রহণ করেন। কিন্তু সাধারণ বন্দিদের জন্য এই ব্যবস্থাগুলো মোটেও লভ্য নয়।
এই ন্যক্কারজনক ঘটনার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আইনপ্রণেতা, নজরদারি সংস্থা ও দুর্নীতিবিরোধী কর্মীরা দাবি তুলেছেন, কারা কর্মকর্তাদের বিশেষ সুবিধা প্রদানের বিনিময়ে অর্থ গ্রহণের বিষয়টি তদন্তে উঠে আসা জরুরি। সেই সঙ্গে, কোন বন্দিরা এই বিলাসবহুল সুবিধাগুলো ভোগ করছিলেন, তাদের চিহ্নিত করার আহ্বান জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার কারাগারগুলোতে অতিরিক্ত বন্দির চাপ এবং দুর্নীতির সমস্যা নতুন নয়। দীর্ঘ সময় ধরে দেশটি এমন চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে, যেখানে বিত্তবান বন্দিরা অর্থ খরচের মাধ্যমে জেলখানাকে আরামদায়ক স্থানে রূপান্তর করতে পারেন। বর্তমান এই ঘটনা দেশটির পুরো কারাব্যবস্থাকে নতুন করে জনসম্মুখে প্রশ্নবিদ্ধ করেছে।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























