দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করেছেন যে, ছয় মাস বা এক বছরের মধ্যে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ শেষ করতেও দেড় থেকে দুই বছর সময় লাগবে। তিনি স্বীকার করেন যে, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া জাতীয় অর্থনীতির চাকা সচল রাখা অসম্ভব। দীর্ঘ সময় ধরে গ্যাস অনুসন্ধানে অবহেলা করা হয়েছে, যা এখন কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সরকার বর্তমানে সৌরবিদ্যুৎ ও কয়লাসহ বিভিন্ন জ্বালানি উৎস নিয়ে কাজ করছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন জ্বালানি নীতি ঘোষণা করা হবে, যেখানে ভবিষ্যতের কর্মপরিকল্পনা স্পষ্ট থাকবে। তবে আগামী দুই বছর সবাইকে ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
রাজস্ব আদায়ের কৌশল পরিবর্তনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের রাজস্ব নীতি ও বাস্তবায়ন বিভাগকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। করের পরিধি বাড়ানোর পাশাপাশি ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে কর নির্ধারণের লক্ষ্যে একটি তথ্যভান্ডার তৈরির কাজ চলছে।
ব্যাংক খাতের নাজুক অবস্থার কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই খাতে বর্তমানে মূলধনের মারাত্মক ঘাটতি রয়েছে, যা এককভাবে সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়।
এছাড়া খেলাপি ঋণের উচ্চ হার ব্যাংক খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি অর্থায়নের জন্য বিকল্প উৎসের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী এবং সম্ভাব্য সব পদক্ষেপ দ্রুত গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। D/ A
Leave a Reply