কেন্দ্রীয়ভাবে ঘোষিত “দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাউনিয়া উপজেলা সমন্বয় কমিটি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা সমন্বয় কমিটির উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা, দায়িত্ব বণ্টন, সার্বিক প্রস্তুতি এবং স্থানীয় বাস্তবতায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন এনসিপি উপজেলা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সমন্বয়ককারী পরিতোষ চন্দ্র বর্মন, জাতীয় যুবশক্তির নেতা রায়হান আহমেদ, নাজমুল ইসলাম ও শিপন আহমেদ হিমু এবং জাতীয় ছাত্রশক্তির নেতা শরিফুল ইসলাম, শাহিন, আসাদ, সুলাইমান, সুজন ও শাওনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী সাহেব আলী, জুয়েল রানা।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের স্মরণে বিভিন্ন আয়োজন, গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ, যুব কনভেনশন, ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ, জনসচেতনতামূলক প্রচার এবং সমাপনী আলোচনা সভা।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে উপজেলার সর্বস্তরের জনগণ, শুভানুধ্যায়ী এবং দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তারা।
Leave a Reply