চট্টগ্রাম মহানগরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে হুমকি ও মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি আহমেদ কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তবে তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক হামলার সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে।
এর আগে গত বুধবার রাতে খুলশী থানা এলাকার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যক্তি মোহাম্মদ সিরাজ। তিনি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জায়গা–জমি বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।
পড়ুন>>সড়কের গাইডওয়ালে কংক্রিটের পরিবর্তে কলাগাছের ওপর ইটের গাঁথুনি!
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন–চার মাস আগে অভিযুক্ত আহমেদ কবিরের সঙ্গে বাদী মোহাম্মদ সিরাজের পরিচয় হয়। এরপর থেকেই আহমেদ কবির নিয়মিতভাবে তার কাছে টাকা দাবি করে আসছিলেন।
বুধবার রাতে আহমেদ কবিরের নেতৃত্বে চার থেকে পাঁচজন ব্যক্তি মোহাম্মদ সিরাজের বাসার নিচে তাকে আটকে চাঁদা দাবি করেন। এ সময় আহমেদ কবির বলেন—
“তোর জায়গা–জমির ব্যবসা ভালো চলছে। চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে আমাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে।”
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
খুলশী থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ কামাল বলেন, “আহমেদ কবির মোহাম্মদ সিরাজের কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন। লোকজন নিয়ে তার বাসার নিচে গিয়ে অতর্কিত হামলা চালান এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। চাঁদাবাজির মামলায় তাকে লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply