ব্র্যাক ইউনিভার্সিটি একমাত্র বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ ২০২৬–২৭ এর জন্য নির্বাচিত।
সম্প্রতি একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে ব্র্যাক ইউনিভার্সিট, কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপস এর ২০২৬–২৭ অ্যাওয়ার্ড সাইকেলের জন্য নির্বাচিত হয়েছে।
এই স্কলারশিপটি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ) এর মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা কমনওয়েলথভুক্ত কোনো নিম্ন বা মধ্যম আয়ের দেশে দুই বছরের জন্য মাস্টার্স ডিগ্রি করার সুযোগ পেয়ে থাকেন। এই স্কলারশিপটি কমনওয়েলথ অন্তর্ভুক্ত সকল দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
আগামী ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করা যাবে। স্কলারশিপটিতে থাকছে ফুল ফান্ডেড টিউশন ফি, স্টাইপেন, রিটার্ন বিমান ফ্লাইট, এককালীন আগমন ভাতা এবং গবেষণা সহায়তা অনুদান (আবেদন ও অনুমোদনের শর্ত সাপেক্ষে)।
চারটি প্রোগ্রামে ব্র্যাক ইউনিভার্সিটিতে এই স্কলারশিপের সুযোগ থাকছে। সেগুলো হলো মাস্টার অব পাবলিক হেলথ, মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ, মাস্টার অব এডুকেশন ইন এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড স্কুল ইমপ্রুভমেন্ট এবং মাস্টার অব সায়েন্স ইন বায়োটেকনোলজি। প্রার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটি নির্ধারিত অ্যাকাডেমিক ও ভর্তির যোগ্যতা থাকতে হবে।
ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, “অনেক বৈশ্বিক সমস্যার সমাধান বাংলাদেশে পাওয়া সম্ভব। এই স্কলারশিপের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এখানে এসে মানুষজনের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি তারা নতুন একটি দেশের সংস্কৃতি জানতে পারবেন। এটি তাদের জন্য সত্যিই একটি চমৎকার সুযোগ।”
এসিইউ এর সদস্যপদ থাকায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন থিমেটিক নেটওয়ার্ক ও কমিউনিটিতে অংশ নিতে পারেন। এর ফলে বিভিন্ন কনফারেন্সে যোগ দেওয়ার জন্য গ্রান্ট পাওয়া যায়। ফেলোশিপের সুযোগ থাকে। পাশাপাশি যৌথভাবে গবেষণা করা যায় এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলা সম্ভব হয়।
কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপসের বাংলাদেশের একমাত্র হোস্ট প্রতিষ্ঠান হওয়ার মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি-৪ (গুণগত শিক্ষা), এসডিজি-১০ (অসমতা হ্রাস) এবং এসডিজি-১৭ (লক্ষ্যমাত্রার জন্য অংশীদারত্ব) এর প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।
২৬-১১-২০২৫ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এ তথ্য জানায়।
Leave a Reply