জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও কার্যকর নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এ বছর তাঁকে জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের সম্মাননা প্রদান করা হয়।
এর আগে তিনি টানা ছয়বার ভুরুঙ্গামারী উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। তাঁর এই অর্জন চর ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
দুধকুমার নদী বেষ্টিত সোনাহাট চর অঞ্চলের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় একসময় মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। বাল্যবিবাহ ছিল নিত্যদিনের সামাজিক বাস্তবতা। এই পরিস্থিতি বদলাতে ১৯৯৯ সালে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সোনাহাট মহাবিদ্যালয় (বর্তমানে সোনাহাট ডিগ্রি কলেজ)।
প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ বাবুল আক্তার নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, তাঁর নেতৃত্বে কলেজটি উপজেলা পর্যায়ে ফলাফলে ৯ বার প্রথম এবং জেলা পর্যায়ে একবার প্রথম স্থান অর্জন করেছে।
কলেজ প্রতিষ্ঠার আগে তিনি প্রায় দুই বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং পাঁচ বছর একটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে সোনাহাট ডিগ্রি কলেজটি ‘চরের বাতিঘর’ হিসেবে খ্যাতি অর্জন করেছে।
একাডেমিক রেজাল্ট উন্নয়ন, পরিচ্ছন্ন ক্যাম্পাস, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠদান, চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ, গ্রামের মেয়েদের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত হোম ভিজিট—এমন বহুমুখী উদ্যোগ নিয়েছেন তিনি।
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অধ্যক্ষ বাবুল আক্তার শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সম্মিলিত শিক্ষক পরিষদের উপজেলা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে তাঁর এই স্বীকৃতি চর ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগগুলোকে পুরো জেলায় অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply