শূন্য কর্ষণ পদ্ধতিতে ডোমারে বারী-১৪ সরিষা চাষে কৃষকদের ব্যাপক সাড়া।
নীলফামারীর ডোমার উপজেলায় শূন্য কর্ষণ পদ্ধতিতে বারী-১৪ সরিষা চাষে কৃষকদের ব্যাপক সাড়া দেখা দিয়েছে।
উপজেলার দশটি ইউনিয়নেই চলতি মৌসুমে এই পদ্ধতিতে সরিষা আবাদ চলছে। কৃষকেরা বলছেন কম খরচে বেশি লাভ হওয়ায় তারা এ পদ্ধতিকে অত্যান্ত কার্যকর মনে করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, তিনি গত বছর পরীক্ষামূলকভাবে শূন্য কর্ষণ পদ্ধতিতে সরিষা চাষ পরিচালনা করেছিলেন, তিনি বলেন, আমন ধান পুরোপুরি পেকে গেলে ধান কাটার পাঁচ দিন আগে যখন জমিতে রস থাকে তখন সরিষা বীজ ছিটিয়ে দিতে হয়। এতে বীজ সহজেই অঙ্কুরিত হয়, এবং ধান কাটার সময় মাড়াইয়ের আঘাতে স্বাভাবিকভাবে মাটির সাথে মিশিয়ে যায়।
তিনি আরও বলেন, এবার ডোমার উপজেলার কৃষকেরা মূলত বারী-১৪ সরিষা জাত চাষ করছেন। এই জাতের ক্ষেত্রে প্রতি বিঘায় বীজের পরিমাণ ৩৩ শতাংশ অর্থ্যাৎ প্রায় ১ কেজি।
এবিষয়ে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা বজলার রহমান বলেন, উপজেলার বামুনিয়া ইউনিয়নে শূন্য কর্ষণ পদ্ধতিতে বারী-১৪ সরিষা চাষ অত্যান্ত লাভজনক হয়েছে। চাষের খরচ কম, উৎপাদন ভালো এবং সঠিক সময়ে বীজ বপন ও পরবর্তী সময়ে ফসলের কার্যক্রম সম্পন্ন হওয়ায় জমি দুই ফসলি থেকে তিন ফসলিতে রুপান্তরিত হয়েছে। গত বছর পরীক্ষা চালানোর পর এবার আমরা সমস্ত উপজেলায় কৃষকদের লাভজনক পদ্ধতি হিসেবে সরিষা চাষে পরামর্শ দিয়ে যাচ্ছি।
কৃষকেরা মনে করেন শূন্য কর্ষণ পদ্ধতিতে উৎপাদন খরচ ৪০ শতাংশ, শ্রম কম লাগে এবং জমি দ্রুত কাজে লাগানো যায়। তারা আশা করছেন এই পদ্ধতি অব্যহত থাকলে ডোমার উপজেলায় সরিষা উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
Leave a Reply