মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং ব্যাপক বাড়িঘর ভাঙচুর করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুরো নতুন মাদারীপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।
স্থানীয় সূত্র জানায়, শাকিল মুন্সি হত্যা মামলার আসামি আক্তার হাওলাদার ও মামলার বাদী হাসান মুন্সি—এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার ভোরে শ্রমিক দল নেতা হান্নান ঢালীর বাড়িতে ভাঙচুর চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিকেল ২টার দিকে দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এক পর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ, দেশীয় অস্ত্র ব্যবহার এবং একের পর এক ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, “যৌথ অভিযানে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। অভিযানে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
Leave a Reply