দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের বিশেষ প্রস্তুতি
- আপডেট সময় : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সিলেট নগরীতে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, ধর্মীয় উৎসব পালনে সব সম্প্রদায়ের পাশে থাকতে সিসিক বদ্ধপরিকর। বুধবার দুপুরে দক্ষিণ সুরমার মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে কুমারী পূজার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, আসন্ন এই আয়োজনে মহালক্ষ্মী মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। তাই ওই এলাকা ও মন্দির ঘিরে বিশেষ নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সিলেট মহানগরীর ৮৫টি সার্বজনীন পূজামণ্ডপে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপগুলোর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহের মতো প্রয়োজনীয় সব বিষয়ে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সিটি করপোরেশন সব ধর্ম ও মতের প্রতিষ্ঠানকে সমান গুরুত্ব দিয়ে থাকে। যেমনটি ঈদুল আজহার সময় নগর পরিচ্ছন্ন রাখতে সিসিক দ্রুতগতিতে কার্যক্রম পরিচালনা করেছিল, ঠিক তেমনি দুর্গাপূজা উপলক্ষ্যেও মন্দির ও পূজামণ্ডপগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগে আয়োজিত পূজাগুলোতেও যেন কোনো সমস্যা না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
পূজার আয়োজক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, পূজামণ্ডপ বা আয়োজনের ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রয়োজন দেখা দিলে অবিলম্বে সিটি করপোরেশনকে জানাতে হবে। এ জন্য সিসিকের হটলাইনসহ প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের উন্মুক্ত ব্যবস্থা রয়েছে। তিনি পূজার শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উদযাপনের জন্য এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন উপস্থিত ছিলেন। এছাড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক জনার্দ্ধন চক্রবর্তী মিন্টু, সহ-সভাপতি নারায়ণ চক্রবর্তী, চন্দন দাস, মিন্টু দাস, কোষাধ্যক্ষ সঞ্জিত কর, উপদেষ্টা অধ্যাপক প্রতাপ চৌধুরী, দক্ষিণ সুরমা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নন্দন পাল এবং আন্তর্জাতিক সম্পাদক মনোজ তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেব উপস্থিত ছিলেন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























