১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প নিয়ে ‘চিরকুট’
- আপডেট সময় : ০৫:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চিরচেনা রূপ, বন্ধুত্ব, তারুণ্যের উদ্দামতা এবং একটি গভীর প্রেমের সত্য ঘটনা উপজীব্য করে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘চিরকুট’। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ফিল্মম্যানিয়া প্রযোজিত এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে আছেন মুনতাসির আকিব। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ এবং ক্যাম্পাসের নিখাদ স্মৃতিকে আধুনিক নির্মাণশৈলীতে বর্তমান প্রজন্মের সামনে ফুটিয়ে তোলাই ছিল নির্মাতার মূল লক্ষ্য।
সিনেমাটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজনসহ একঝাঁক তারকা। অভিনয়ের ক্ষেত্রে পেশাদার শিল্পীদের পাশাপাশি যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী। তৎকালীন ক্যাম্পাসের সঠিক আবহ ও পরিবেশ জীবন্ত করে তুলতে প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।
সিনেমার টিজার, ট্রেলার এবং ‘প্রেমে গেলাম ডুবে’ গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। দর্শকদের এই অভূতপূর্ব সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা মুনতাসির আকিব বলেন, টিজার ও ট্রেলার প্রকাশের পর যে পরিমাণ সাড়া পাচ্ছি তাতে আমি অভিভূত। ‘চিরকুট’ একটি বিশুদ্ধ বাংলা চলচ্চিত্র। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সত্য ঘটনা থেকেই এই গল্পের সূত্রপাত হয়েছে। সে সময়ের পরিবেশ ও আবেগ পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা কেবল একটি গল্প নয়, বরং একটি নির্দিষ্ট সময়কে অনুভব করতে পারেন। নির্মাতার প্রত্যাশা, ‘চিরকুট’ এবারের দুর্গাপূজার আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলবে।
সেকালের আবহ ও বর্তমানের নির্মাণশৈলীর মিশেলে তৈরি ‘চিরকুট’ নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে এখন বেশ আলোচনা চলছে। দুর্গাপূজার আবহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























