বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ক্লাস চলাকালে চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় এবং আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়।
এ সময় দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে আতঙ্কে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করলে ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কেউ কেউ সাময়িকভাবে জ্ঞান হারান।
আহতরা হলেন— ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলাম, সপ্তম শ্রেণির জান্নাত, অষ্টম শ্রেণির ফাতেমা, আমেনা, সুমাইয়া, মীম আক্তার এবং নবম শ্রেণির আফরোজ আক্তার ও সুমাইয়া আক্তার।
বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার মৌ বলেন, “দুপুরে হঠাৎ বিকট শব্দে বিদ্যালয়ের ওপর বজ্রপাত হয়। স্যারসহ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অন্য শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।”
পরে আহতদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
একই সময়ে আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনায় আরও আট শিক্ষার্থী আহত হন বলে জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাহাদুর মৃধা।
পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন ফকির বলেন, “বজ্রপাতের বিকট শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কয়েকজন অজ্ঞান হয়ে যায়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, দাদপুর স্কুলের আটজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের কেউ গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর অনেকটাই সুস্থ রয়েছেন। তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, “ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আহতদের হাসপাতালে নেওয়া হয়।”
মেহেন্দিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আহতদের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply