প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়
- আপডেট সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি স্মরণ করিয়ে দেন, মহান স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীরই একজন সদস্য ছিলেন, যা এই বাহিনীর ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা।
১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চূড়ান্ত মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে পাল্টা আক্রমণের সূচনা করেছিলেন। তৎকালীন মুক্তিবাহিনী, বিভিন্ন আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনতার সমন্বিত এই আক্রমণে রণাঙ্গনে লড়াই নতুন মাত্রা লাভ করে। সেই ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে গড়া এই বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। স্বাধীনতার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে চলেছেন। একই সঙ্গে, বিশ্বশান্তি রক্ষায় তাদের বলিষ্ঠ ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের মুহূর্তে সশস্ত্র বাহিনীর ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে। তিনি বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ‘৭১ এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।
তারেক রহমান সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কথা উল্লেখ করে বলেন, তিনি সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর আধুনিক বাহিনীতে রূপান্তরিত করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও এই বাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া অব্যাহত ছিল। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি নির্ভর ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
সশস্ত্র বাহিনীকে দেশের গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে তারা সাফল্যের সাথে এগিয়ে চলেছে। শুধু মুক্তিযুদ্ধের সময় নয়, ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে তারা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে, যা দেশের জন্য বড় গৌরবের বিষয়। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে বিভিন্ন সময়ে অপচেষ্টা চালিয়েছে।
বাণীর শেষে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশের তরে প্রাণ উৎসর্গকারী সকল বীর সেনানির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন এবং বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করেন।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























