বরিশালের বাকেরগঞ্জ উপজেলা-এর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকার ব্যাগ তল্লাশি করে ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরাদি ইউনিয়ন-এর রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার নিয়মিত আত্মসাতের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষিকা বিদ্যালয় ত্যাগ করার সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি তার কাছে থাকা ব্যাগ দেখতে চান। প্রথমে তিনি এতে অনাগ্রহ প্রকাশ করলেও পরে স্থানীয়দের চাপে ব্যাগ খুলে দেখান।
এ সময় ব্যাগের ভেতর থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি পাওয়া যায় বলে দাবি করেন উপস্থিত ব্যক্তিরা।
খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় জমে যায়।
এলাকাবাসীর অভিযোগ, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকার যে খাবার বরাদ্দ দিয়েছে, তা আত্মসাতের অভিযোগ অত্যন্ত ন্যক্কারজনক। তারা বলেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এমন অনিয়ম আর না ঘটে।
এ বিষয়ে প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি-এর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগের বিষয়টি তার জানা হয়েছে। অভিযোগ তদন্ত করে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply