রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী অটোচার্জারে তল্লাশি চালিয়ে ২৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক এসকাফ ও ১টি মোবাইলসহ মোঃ আব্দুল মোন্নাফ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী আব্দুল মোন্নাফ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরক মন্ডল গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় কুড়িগ্রাম থেকে আসা একটি অটোচার্জার থামানো হলে যাত্রীবেশে থাকা মোন্নাফ আলী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে এবং তার পিঠে থাকা স্কুল ব্যাগে ২৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply