১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আযাদের করা আপিলটি আইনগতভাবে রক্ষণীয় কি না, সে বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার সকালে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৭ আগস্ট আদালত শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেছিলেন।
শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তারা আবুল কালাম আযাদের সাজা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন। দীর্ঘ সময় পলাতক থাকার পর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী সময়ে তিনি দেশে ফিরে তৎকালীন সরকারের কাছে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে তার মৃত্যুদণ্ড কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল। ওই স্থগিতাদেশকে ভিত্তি করে তিনি আপিল বিভাগে দণ্ড ও সাজা চ্যালেঞ্জ করে আপিল দায়ের করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ট্রাইব্যুনালের কোনো মামলায় ৩০ দিন পার হওয়ার পর আপিল গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির নেই।
উল্লেখ্য, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে নির্বাহী বিভাগ তার মৃত্যুদণ্ড স্থগিত করেছিল। পরবর্তীতে চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। মাওলানা আবুল কালাম আযাদ ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম আসামি।
সূত্র: মানবজমিন
Leave a Reply