বাণিজ্য ঘাটতি কমাতে ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ
- আপডেট সময় : ০২:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ওমানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ঘাটতি কমাতে 'কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট' (সিইপিএ) চুক্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশি। এই বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী ওমানের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাস এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা সিইপিএ স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) অন্যতম সদস্য হিসেবে ওমান বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এক অংশীদার। দ্বিপাক্ষিক এই চুক্তি সম্পন্ন হলে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
ওমানের রাষ্ট্রদূত ভারতের সঙ্গে তাদের সিইপিএ চুক্তির ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরে বাংলাদেশের সঙ্গেও একই ধরনের চুক্তির প্রস্তাব দেন। এর জবাবে মন্ত্রী প্রস্তাবটিকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই ও কারিগরি প্রস্তুতির ভিত্তিতে আলোচনার অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে একটি ‘যৌথ বিজনেস কাউন্সিল’ গঠনের বিষয়েও ঐকমত্য হয়েছে। প্রাথমিকভাবে ভার্চ্যুয়াল সভার মাধ্যমে আলোচনা শুরু করে পরবর্তীতে উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সফরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশি ওমানের সোহর, দুকম ও সালালাহ বন্দরসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। এসব অঞ্চলের কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ানোর চমৎকার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ওমানের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রায় সাত লাখ প্রবাসী বাংলাদেশির অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রদূত তাদের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া ওমানের ঐতিহ্যবাহী ‘কুমা’ টুপি তৈরিতে বাংলাদেশি নারী কারিগরদের দক্ষতার প্রশংসা করেন তিনি। বৈঠকে শ্রমবাজারের পরিধি বাড়ানো, ব্যবসায়িক ভিসা প্রক্রিয়াকরণ সহজ করা এবং দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খানসহ ওমান দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















