দুধকুমারে ১০ ড্রেজারে অবৈধ বালু উত্তোলন: অভিযানে জব্দ ৭
- আপডেট সময় : ০৯:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
দুধকুমারে ১০ ড্রেজারে অবৈধ বালু উত্তোলন: অভিযানে জব্দ ৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে সাতটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনটি ড্রেজার মেশিন নিয়ে সেলো ইঞ্জিনচালিত নৌকায় পালিয়ে যান বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা। নদীর তীর রক্ষা বাঁধের কাছ থেকে বালু উত্তোলনের কারণে বাঁধটি ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমান। এ সময় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।
পড়ুন>>গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপের নামে সরকারি চাল আত্মসাতের অভিযোগ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আইজুল হক ও সোহেল রানার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল ইসলামপুর এলাকায় দুধকুমার নদে ১০টি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। নদীর তীর রক্ষা বাঁধের কাছাকাছি স্থান থেকে বালু উত্তোলনের ফলে বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এ পরিস্থিতিতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবির পরিপ্রেক্ষিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে সাতটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এর মধ্যে পাঁচটি থানায় নেওয়া হয়। বাকি দুটি মেশিন পানিতে থাকায় স্থানীয় ইউপি সদস্য আবদুল কালামের জিম্মায় রাখা হয়। পরে সেগুলো থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পড়ুন>>সৌদিতে হুতি হামলা: ঢাকা থেকে ১১৪টি ফ্লাইট বাতিল
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু ড্রেজার জব্দ নয়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তীর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























