গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী ঘোষণাকারী এনামুল মোল্লাহ অস্ত্রসহ আটক।
গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়া এনামুল হক মোল্লাহ (৪৮) অস্ত্রসহ আটক হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে শ্রীপুর উপজেলার বরকুল গ্রাম থেকে তাকে আটক করা হয়। একই অভিযানে তার ছয় সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
আটক এনামুল হক মোল্লাহ শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে। তিনি বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরবের মক্কা মিছফালাহ শাখা বিএনপির সভাপতি ছিলেন।
দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন এবং এলাকায় ব্যাপক পোস্টার-ব্যানার টানান।
স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক মামলার কারণে ২০১৭ সালে নাম পরিবর্তন করে সৌদি আরব পাড়ি জমান তিনি। ভিসা ও পাসপোর্টে তার নাম ব্যবহার করা হয় আব্দুল্লাহ আল মামুন। গত ৫ আগস্ট তিনি দেশে ফেরেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এনামুলের বাড়িতে অভিযান চালায়। এসময় ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি ছুরি উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সহযোগী শওকত মীর, জাহিদুল ইসলাম, মোস্তফা কামাল, সিদ্দিকুর রহমান, বুলবুল ও তোফাজ্জলকে আটক করা হয়।
ওসি আরও বলেন, “অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
অন্যদিকে, বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে দলীয় প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এনামুল হক মোল্লাহ চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসী কার্যকলাপের দায়ে ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।”
Leave a Reply