সীমান্ত থেকে পুলিশ আটকের ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা
- আপডেট সময় : ০৩:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার জানান, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে মাদকবিরোধী অভিযানে থাকা অবস্থায় পুলিশ কনস্টেবল রোহিত দেওয়ান এবং এএসআই ইমরান হোসেনকে বিএসএফ ধরে নিয়ে যায়। তিনি একে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। সীমান্ত এলাকায় এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি।
স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পারস্পরিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতে ইসলামীর এই নেতা। তিনি বলেন, সীমান্ত রক্ষায় নিয়োজিতদের এমন আগ্রাসী মনোভাব আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী এবং তা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে আটককৃত পুলিশ সদস্যদের সম্মানজনকভাবে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরকারের দুর্বল ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী ভারত বাংলাদেশের সঙ্গে সম্মানজনক আচরণ করছে না। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে দ্রুত কূটনৈতিক উপায়ে এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি কার্যকর প্রতিকার দাবির আহ্বান জানিয়েছেন তিনি। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















