তাড়াশে সারের অব্যবস্থাপনা ও কৃত্রিম সংকটে কৃষক দিশেহারা।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চলতি রবি মৌসুমের শুরুতে সার সংকট দেখা য়োয় দিশেহারা কৃষক ঘুরছেন ডিলারদের দ্বারে দ্বারে। উপজেলা কৃষি অফিস কখনো ডিলার পদ্ধতি আবার কখনো উন্মুক্ত পদ্ধতিতে সার দেয়ায় আরো জটিলতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সার সংকট সৃষ্টি করার অভিযোগও উঠেছে। অথচ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলছেন, এ উপজেলার জন্য পর্যাপ্ত সার বরাদ্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, তাড়াশ উপজেলায় মোট ডিলার রয়েছেন ২৯ জন। এর মধ্যে বিসিআইসি’র ডিলার রয়েছে ১২ জন ও বিএডিসি’র ডিলার রয়েছে ১৭ জন। এছাড়া পৌরসভা ও আট ইউনিয়নে ৭২ জন সাব ডিলার রয়েছে।
তথ্য অনুযায়ী উপজেলার আট ইউনিয়নের মধ্যে চার ইউনিয়নের মাঠে রোপা আমন ধান রয়েছে । অর্থাৎ অর্ধেক চাষযোগ্য জমিতে এই মুহুুর্তে সারের কোনো প্রয়োজন নেই। তারপরও কৃষককে ছুটতে হচ্ছে এক ডিলার থেকে অন্য ডিলারের কাছে।
উপজেলা কৃষি কার্যালয়ের দেয়া তথ্য মোতাবেক, চলতি রবি মৌসুমে সরিষা, আলু, ভুট্রা, পিঁয়াজ,রসূণ সহ মৌসুমী শাক সবজীর জন্য প্রায় ১৫ হাজার হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র সরিষাই রয়েছে ১০ হাজার হেক্টর।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য অনুযায়ী তাড়াশ সদরে তিনজন ডিলার সার বিতরণ করার কথা। সে অনুযায়ী সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায় শুধুমাত্র পার্থ এন্টার প্রাইজ কৃষকের কাছে ন্যায্য মূল্যে সার বিক্রি করছেন। সেখানে শত শত কৃষককে রাত ১০ পর্যন্ত সারের জন্য ভীড় করতে দেখা গেছে।
শহীদ মিনার চত্বরে মেসার্স চলনবিল পেট্রোলিয়ামে গিয়ে দেখা যায়, সেখানে ইউরিয়া, টিএসপি,পটাশ সার বিক্রি করছেন। তবে কৃষকের মূল চাহিদা ডিএপি সার তার দোকানে নেই। মেসার্স চলনবিল পেট্রোলিয়ামের সত্ত্বাধিকারী মো: তাইবুর রহমান বলেন, মাসের শুরুতেই ডিএপি সার বিতরণ করা হয়েছে। হাসপাতাল গেটে মেসার্স আমজাদ এন্টারপ্রাইজের দোকান বন্ধ পাওয়া গেছে।
লালুয়ামাঝিড়া গ্রামের কৃষক আলামিন, জুয়েলসহ একাধিক কৃষক বলেন, তারা এখনো প্রয়োজনীয় এক ছটাক সারও বরাদ্ধ পাননি। ফলে সরিষার আবাদ নিয়ে দু:শ্চিন্তায় রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডিলার বলেন, আমরা অনেক সময় বরাদ্ধের বাইরে অন্য উপজেলার সার কিনে আনি। তাতে দাম একটু বেশি পড়লেও কৃষক হয়রানি হয় না। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি বছরে এ দায়ভার তারা নেননি।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, সারের কোনো সংকট নেই। কৃষক শুধুই হতাশ হচ্ছেন। এ ছাড়াও তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এ উপজেলার কৃষক নিয়ম মানতে চান না। কৃষি ভিাগের নির্ধারিত সারের তিনগুণ সার তারা বেশি ব্যবহার করেন। আগামীতে বেশ কয়েকটি বরাদ্ধ রয়েছে। হতাশ হওয়ার কিছু নেই।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহানের কাছে সারের কৃত্রিম সংকট ও কৃষকের ভোগান্তি সম্পর্কে জানতে চাওয়া হলে, তিনি বলেন, নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো ভাবেই সার সংকট হওয়ার কথা নয়। তারপরও এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
Leave a Reply