ডোমারকে আধুনিক ডোমার গঠন করা হবে -প্রকৌশলী তুহিন।
নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি যদি এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে ডোমারকে আধুনিক ডোমার হিসেবে গঠন করাই হবে আমার মূল লক্ষ্য। এই এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা দুরীকরন এবং শিক্ষিত বেকারদের চাকুরির ব্যবস্থা করা, সেই সাথে ডোমারে বিনোদন পার্ক করার ঘোষণাও দেন তিনি।
শনিবার ৮ই নভেম্বর দুপুরে ডোমারে কৃতি সন্তানদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে তরুণদের উদ্যোগে আয়োজিত “তারুণ্যের চোখে ডোমার” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুভব ফাউন্ডেশনের আয়োজনে, স্বপ্ন যাত্রা ফাউন্ডেশনের সহযোগীতায় ও নীলসাগর গ্রুপের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় নীল সাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবীব লেলিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
ডোমারের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এলাকার কৃতি সন্তানদের মুখোমুখি করে তাদের অভিজ্ঞতার বিনিময়ের মধ্য দিয়ে তরুণদের অনুপ্রেরণা জোগানোই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতেই ডোমার পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের শিক্ষার্থীরা হাস্যরসের মাধ্যমে তাদের এলাকার পরিচিতি তুলে ধরার পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ শিক্ষার্থীদের কথা মনোযোগ সহকারে শুনে তাদের সমস্যা সমাধানে জন্য কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথি তুহিন বলেন, তিনি যদি এমপি নির্বাচিত হন আর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই উপজেলায় কোন কাঁচা রাস্তা থাকবে না। আর কয়েক মাস পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছেন। ইসলামের কথা বলে তারা ইসলামকে বিকৃতভাবে তুলে ধরছেন।
সংসদ নির্বাচনের আগে গনভোট হবেনা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হলে বিএনপি তা প্রতিহত করবে। তিনি আরো বলেন, ১৭ বছর আমাদেরকে কথা বলতে দেয়নি। আমাদের উপর অমানুষিক নির্যাতন করা হয়েছিল। তারপরও আমরা আন্দোলন করে ছাত্রদের নিয়ে ফ্যাস্টিটদের উৎখাত করেছি। একটি দল আবারো ফ্যাস্টিটদের ফিরিয়ে আনতে চায়।
শাহরিন ইসলাম তুহিন বলেন, এলাকার যে কোন সমস্যা সমাধানে তিনি কাজ করে যাবেন। তিনি নির্বাচিত হলে, এলাকা থেকে মাদক নির্মুল করা হবে। অসহায়, দুস্থ্যদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। স্কুল,কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করা হবে।
Leave a Reply